দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এ আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে।
বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, সি ব্লকের দ্বিতীয় তলায় ৮ শয্যার একটি হাম ওয়ার্ড চালু রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সম্প্রসারণ করা হয়েছে।
হাম শনাক্তে সহায়তার জন্য একটি স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ওয়ার্ডটি পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া ২ নম্বর বহির্বিভাগে স্ক্রিনিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।





