যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে- সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।
শুক্রবার দেওয়া এক বক্তব্যে ঘালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কটাক্ষ করে বলেন, “হরমুজ খোলা থাকবে কি না, সে সিদ্ধান্ত মাঠে নেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় নয়।”
এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তবে কয়েক ঘণ্টা পরই ঘালিবাফের কড়া অবস্থান পরিস্থিতিকে নতুন করে উত্তেজনার দিকে ঠেলে দেয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ইরানের অনুমোদনসাপেক্ষে সীমিত করা হবে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
পরবর্তীতে স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকেও কোনো সমঝোতা হয়নি। এরপর ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সেন্টকোম হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে, যা এখনও বহাল রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।







