ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি এয়ারবাস এইচ১৩০ মডেলের এবং সেটি স্থানীয় একটি বিমান পরিষেবা প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল।
উদ্ধার কার্যক্রমের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ সায়াফি জানান, একটি পাম বাগান থেকে উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলে এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
তিনি জানান, হেলিকপ্টারটিতে ২ জন ক্রু ও ৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে আলাদা হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে থাকতে দেখা গেছে।
ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।




