বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে থাকছেন শান মাসুদ।
দল ঘোষণার পরদিনই আসন্ন সিরিজকে সামনে রেখে স্কোয়াড চূড়ান্ত করে পাকিস্তান। এই দলে চারজন নতুন মুখ জায়গা পেয়েছেন-আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি ঘুড়ি।
দলের কয়েকজন ক্রিকেটার বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে অংশ নিচ্ছেন। তারা হলেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি ঘুড়ি, নোমান আলী ও সাজিদ খান।
পিসিবি জানিয়েছে, সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে করাচিতে। আগামী ২৭ এপ্রিল সব খেলোয়াড়কে রিপোর্ট করতে বলা হয়েছে এবং ক্যাম্প শেষ হবে ১ মে। পরদিন দলটি বাংলাদেশে রওনা দেবে।
যারা বর্তমানে পিএসএল খেলছেন, তারা নিজ নিজ দলের খেলা শেষ করে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।
পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ গাজি ঘুড়ি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।






