সকাল ৬:১০ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

মব কালচার দমনে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা জনসমাগম সৃষ্টি করে বিশৃঙ্খলা করলে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে রুমিন ফারহানা আগের সরকারের সময়ের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বর্তমানের ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে মব সহিংসতায় প্রায় ২৫০ থেকে ৩০০ জন নিহত হয়েছেন। তিনি নিজেও ২১ ফেব্রুয়ারি এমন ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং এ প্রবণতা বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার স্পষ্ট করেছে-দেশে কোনো ধরনের মব কালচার চলবে না। দাবি আদায়ে মহাসড়ক বা সড়ক অবরোধের যে প্রবণতা দেখা গেছে, তা আর সহ্য করা হবে না।

মব সহিংসতা ও সংগঠিত অপরাধের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। কোনো প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা, তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলবে।

তিনি আরও বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা গণতান্ত্রিক উপায়ে জানাতে হবে। স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন বা জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের অধিকার সবার রয়েছে। সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, তবে মবের মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা থেকে সরে আসতে হবে।