রাত ৩:০২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

সংসদের শক্তি জনগণের আস্থার ওপর নির্ভরশীল: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের মর্যাদা কেবল সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভর করে না; বরং এর ভিত্তি হলো জনগণের আস্থা। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত “সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম” শীর্ষক ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

স্পিকার বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও সংশ্লিষ্ট আইনগত কাঠামোর মাধ্যমে। সংসদ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, কার্যপ্রণালি বিধি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদীয় দায়িত্ব পালনের একটি কার্যকর হাতিয়ার।

তিনি আরও বলেন, সংসদের তিনটি প্রধান দায়িত্ব হলো-আইন প্রণয়ন, সরকারের কার্যক্রম তদারকি এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা। এসব দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে স্পিকার আরও উল্লেখ করেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালী করতে ইউএনডিপি ও সুইস দূতাবাসের সহায়তায় চলমান এসআইপিএস কর্মসূচি সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, শেখার কোনো শেষ নেই-দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শেখে। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সংসদকে কার্যকর করা এবং সুশাসন প্রতিষ্ঠা-এই তিন লক্ষ্য অর্জনে এই ওরিয়েন্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়, তাই সংসদীয় কার্যক্রমে সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র নিশ্চিত করা জরুরি।

দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে দেশের বিভিন্ন আসনের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন।