শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিশুদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক–বালিকা) জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের জন্য আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নীতিকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে খেলাধুলাকে পাঠ্যক্রমে যুক্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস সরবরাহ এবং পুষ্টিহীনতা দূর করতে মিড ডে মিল (স্কুল ফিডিং) কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই দেশের সব স্কুলে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।
উল্লেখ্য, চলতি বছরের ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে ৮ বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।








