ভোর ৫:৩৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগতে পারে: প্রতিমন্ত্রী

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটি থেকে জ্বালানি তেল আমদানিতে ওয়াশিংটনের অনুমতির প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, যেহেতু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি প্রাসঙ্গিক হয়ে ওঠে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে। প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সহযোগিতা দেবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু উৎস থেকে আমদানি বাধাগ্রস্ত হওয়ায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে। এ প্রক্রিয়ায় জ্বালানি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, দেশে কোনো জ্বালানি সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তবে সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। এখন থেকেই বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রস্তুতি চলছে।

আগামী এপ্রিল মাসে ভারত ও সৌদি আরব থেকে জ্বালানি তেল আসবে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আমদানির পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতসহ যেসব বন্ধু রাষ্ট্র থেকে সুযোগ পাওয়া যাবে, সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।