ভোর ৫:৩৫ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

পাবনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

পাবনায় হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পাবনা সদর উপজেলায় ৫৫ হাজার ৬৫৭ শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় রয়েছে ২৬ হাজার ৫৫৮ শিশু। এছাড়া আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলাসহ জেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

৫ এপ্রিল শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি সদর উপজেলার হিমায়েতপুর ও দোগাছি এলাকায় হাম রোগের সংক্রমণ তুলনামূলক বেশি দেখা গেছে। ইতোমধ্যে হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বর্তমানে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২৫ জন শিশু হাম ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গত তিন মাসে হাম আক্রান্তদের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং অধিকাংশ রোগীই শিশু। তবে আক্রান্তদের মধ্যে ২২ ও ৩৬ বছর বয়সী দুজন প্রাপ্তবয়স্কও রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ। এজন্য অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।