ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান জাতীয় ফুটবল দল ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল-এর মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তান ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কোচিং মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফর এবং দেশটির ফুটবল কাঠামো উন্নয়নে কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।
আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত আলোচনায় রাষ্ট্রদূত হাসান আফজাল খান, পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সৈয়দ মহসিন গিলানি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিও উপস্থিত ছিলেন।
তারা জানান, এ উদ্যোগ দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা জোরদার এবং পাকিস্তানের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ আয়োজনের আগে লজিস্টিক ও কারিগরি বিভিন্ন বিষয় নিয়ে আরও সমন্বয় প্রয়োজন।
প্রস্তাবটি চূড়ান্ত হলে ম্যাচটি ফিফা বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে।









