বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার সামনে এগিয়ে যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে এবং নারীদের সামাজিকভাবে আরও সংগঠিত হয়ে নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
মির্জা ফখরুল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস হয়েছে। এই স্বল্প সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে এবং ধীরে ধীরে সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা হচ্ছে এবং সব ধর্মের মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।






