নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ নেওয়ার পরদিনই সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডু-এর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের আটক করে কাঠমান্ডু ভ্যালি পুলিশ।
পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই গ্রেপ্তার করা হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে অলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী অলি। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ লেখক। ৮ ও ৯ সেপ্টেম্বরের সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন আন্দোলনকারী ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরে পদত্যাগ করেন অলি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়েন রমেশ লেখকও।
পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং বিক্ষোভের ঘটনাগুলো তদন্তে কমিশন গঠিত হয়। সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে বালেন্দ্র শাহ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
এদিকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং বলেন, “এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”





