অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এর মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনসহ পাসের প্রস্তাব করা হয়েছে।
সংসদে উপস্থাপিত প্রতিবেদনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, অধ্যাদেশটিতে আওয়ামী লীগের নাম উল্লেখ করে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের বিধান থাকলেও তা কিছু পরিমার্জন করে স্থায়ী আইনে রূপ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সরকারকে রাজনৈতিক সংগঠনের সভা-সমাবেশ, মিছিল ও প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা বহাল রাখার পক্ষে মত দিয়েছে কমিটি, তবে তা সংশোধিত কাঠামোয়।
এদিকে, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও তথ্য অধিকারসহ গুরুত্বপূর্ণ ১৬টি অধ্যাদেশ আপাতত অনুমোদন না দিয়ে ভবিষ্যতে আরও পর্যালোচনার জন্য স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। ফলে এসব আইন এখনই কার্যকর হচ্ছে না।
কমিটি ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত রাখার সুপারিশ করেছে। এছাড়া ১৫টি সংশোধনসহ পাস এবং ৪টি অধ্যাদেশ বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে সুপ্রিম কোর্ট ও সংসদ সচিবালয় সংশ্লিষ্ট অধ্যাদেশ।
বিশেষ কমিটির সুপারিশের কিছু অংশে বিরোধী সদস্যরা ভিন্নমত পোষণ করেছেন।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল থেকে এসব সুপারিশ অনুযায়ী বিলগুলো সংসদে উত্থাপন শুরু হবে।






