জাতীয় সংসদ-এ অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ২১টি বিল পাস হয়েছে। একইসঙ্গে তিনটি অধ্যাদেশ রহিত করে নতুন বিলও পাস করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে এসব বিল পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন।
অবিকল অধ্যাদেশ রেখে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে—
জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন), বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন), শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন), পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন), বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন), বাংলাদেশ শ্রম (সংশোধন), স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন), আইনগত সহায়তা প্রদান (সংশোধন), জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন), ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা, বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন), বাংলাদেশ গ্যাস (সংশোধন), মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন), মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন, বন ও বৃক্ষ সংরক্ষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন), বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন), জেলা পরিষদ (সংশোধন) এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল।
এছাড়া ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।
পাশাপাশি ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।






