সকাল ৬:১৩ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

পয়লা বৈশাখে রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পয়লা বৈশাখে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে রমনা বটমূল ও এর আশপাশ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগে জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, ছায়ানটের আয়োজনস্থল, রমনা মঞ্চ এবং রবীন্দ্র সরোবর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছে। একই সঙ্গে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।