বিকাল ৪:৩৮ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিট-এ ভার্চুয়াল বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতা স্পষ্ট করেছে এবং কোনো দেশ এককভাবে এটি মোকাবিলা করতে পারবে না। তাই আঞ্চলিক ও বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও জানান, সংকট মোকাবিলায় সরকার স্বল্পমেয়াদে জ্বালানি আমদানি বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থাপনা, জ্বালানি রেশনিং এবং ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি আতঙ্কজনিত কেনাকাটা ও মজুতদারি রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারেক রহমান সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে, যা উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ভার্চুয়ালি আয়োজিত এই সম্মেলনে একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেন।