হরমুজ প্রণালী দিয়ে বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ইরান।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ-এর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই এ নির্দেশনা দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ইরানের কর্মকর্তাকে অনুরোধ করেন, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটির নিরাপদ চলাচল সহজতর করতে যেন মধ্যস্থতা করা হয়। তিনি বলেন, হরমুজ পারাপারের অনুমোদিত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানায় ঢাকা।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী পরে জানান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জাহাজটির চলাচল নিরাপদ থাকে।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সংযম, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করে তার অবস্থান পুনর্ব্যক্ত করে।
ইরানের পক্ষ থেকে বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফরের আগ্রহ প্রকাশ করা হয়।






