ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
রোববার (১৯ এপ্রিল) বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানাটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।








