বিকাল ৩:১০ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এ মাসের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। এর মধ্যেই আবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এলো।

বিইআরসি জানিয়েছে, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে এলপিজিবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। ফলে বিকল্প উৎস থেকে আমদানিতে সময় ও খরচ বেড়েছে। পাশাপাশি বিমা ও নিরাপত্তা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ বাড়ার কারণেও সামগ্রিক ব্যয় বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।