বিকাল ৩:১৩ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ডিজেলের দাম বাড়ায় বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ-মালিকদের বৈঠক

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাস ও ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সরকার লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর ঢাকাসহ সারাদেশে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সভায় পরিবহন মালিকপক্ষ তাদের ভাড়ার প্রস্তাব উপস্থাপন করবে, যা পরবর্তীতে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া উপস্থিত আছেন সড়ক পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতারা এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় চাপ বাড়ায় ভাড়া সমন্বয়ের বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা চলছে।