তীব্র গরমের পর রাজধানী ঢাকা-র আবহাওয়ায় কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা প্রায় ৮০ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে পারে।





