দুপুর ২:১৮ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল প্রথম প্রহরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সৌদি আরবের সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।

হজচুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

এছাড়া প্রাক-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ১ জুলাই পর্যন্ত।