জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের বাধ্যবাধকতার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশকেও মূল্য সমন্বয়ের পথে হাঁটতে হয়েছে।
মন্ত্রী জানান, “বিশ্বের প্রায় সব দেশই তাদের তেলের দাম সমন্বয় করেছে। এমনকি যুক্তরাষ্ট্র-ও প্রায় ৫ ডলার দাম বাড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর আমরা যে দামে জ্বালানি আমদানি করে মজুত করেছি, তার চেয়েও কম দামে বর্তমানে দেশে বিক্রি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি আমদানি করতে হয় বলেই এই মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে উঠেছে। তবে দাম বাড়ানোর পরও সরকার ভর্তুকি দিচ্ছে, যাতে জনগণের ওপর চাপ কিছুটা কম রাখা যায়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, দাম বাড়লে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বেই। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়; চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বই এর প্রভাব অনুভব করছে।





