যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে একই ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে।
লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র অনুযায়ী, ১৬ এপ্রিল সকালে সর্বশেষ লিমনকে তার ছাত্রাবাসে এবং বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর তাদের সঙ্গে যোগাযোগ না পেয়ে ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয় এবং নিখোঁজ ডায়েরি করা হয়।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করেছে এবং বৃষ্টিকে খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম এখনও চলছে।






