রাজধানী ঢাকা-র সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা চালাতে পারবেন।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকার বিকল্প জায়গার ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল-কলেজের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






