সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে বলা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে প্রায় ১৮ কোটি ৭২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা এবং ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত হয়েছে।

দুদকের দাবি, এসব লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে।

মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে আসামির আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথির মূল কপি জব্দ এবং যাচাই-বাছাইয়ের জন্য সত্যায়িত অনুলিপি সংগ্রহ প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়। আদালত তা বিবেচনায় নিয়ে এই আদেশ দেন।