সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গরু আমদানির যে অনুমতিপত্র ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে-প্রচারিত ইমপোর্ট পারমিটটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে সরকারি কোনো অনুমোদন বা প্রক্রিয়ার মিল নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই অনুমতিপত্রটি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষর যাচাইযোগ্য নয় এবং এটি কোনো বৈধ আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।
মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এমন ভুয়া তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া এসব নথি শেয়ার বা প্রচার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
এ ধরনের ভুয়া তথ্য ও নথি প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
সঠিক তথ্য জানার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।






