সকাল ৬:১১ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক দিনের সফরে সিলেট-এ পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং ১০টা ৫০ মিনিটে বের হয়ে আসেন।

এরপর তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে অংশ নেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমান। সকাল ১০টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্স অবতরণ করে।

এর আগে তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান এবং সেখান থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে তাকে স্থানীয় সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

দিনব্যাপী সফরে তার কর্মসূচির মধ্যে রয়েছে বাসিয়া নদী পুনঃখনন প্রকল্প উদ্বোধন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশগ্রহণ।

সফরকে ঘিরে সিলেট শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন সড়কে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। এদিকে সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।