দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (৩ মে) ভোরে তিনি ঢাকায় থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে মন্ত্রীর সঙ্গে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া জাতিসংঘ-এ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী আগামী ৫ থেকে ৮ মে পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর-এ এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম।
সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবে। পরবর্তী সময়ে মূল অধিবেশনে অংশ নিয়ে অভিবাসন খাতে বাংলাদেশের অবস্থান, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন মন্ত্রী।
সফর শেষে আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর।






