সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে এই খালকে কেন্দ্র করে ভবিষ্যতে এলাকায় পানির সংকটও আর থাকবে না।
সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করছে। গ্রাম উন্নত হলে পুরো দেশই উন্নত হবে। তিনি আরও বলেন, দেশকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা চলছে যাতে কোনো ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভর করতে না হয়।
মাছ, পানি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে পারলে অর্থনৈতিকভাবে দেশ আরও শক্তিশালী হবে।
নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক লাখ নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশ নারীদের জন্য বরাদ্দ থাকবে। পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়ায় নারীদের জন্য আলাদা কর্মসংস্থান সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
এছাড়া নির্বাচনী এলাকায় একটি মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে মাংস উৎপাদন বেশি হওয়ায় এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






