সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বর্ষায় পরিচ্ছন্নতা নিশ্চিতে কর্মীদের রেইনকোট দিল ডিএনসিসি

বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৪ মে) গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ভোর থেকে নিরলস পরিশ্রম করে যারা শহরকে পরিষ্কার রাখেন, তাদের অবদানেই নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশ পায়। তাদের কাজের প্রতি সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকেও পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর জানান, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগে শীতবস্ত্র, মাস্ক ও গামবুট দেওয়ার পর এবার বর্ষা মৌসুমকে সামনে রেখে রেইনকোট দেওয়া হলো।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীরাও এ উদ্যোগকে স্বাগত জানান। তারা জানান, বর্ষার শুরুতেই রেইনকোট পাওয়ায় কাজ করতে সুবিধা হবে এবং তারা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার পাশাপাশি নগরবাসীর সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।