সকাল ৬:১৩ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

তরুণদের দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই মাসে ঘোষিত ম্যানিফেস্টোর বিভিন্ন দিক ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠী তরুণ, তাই তাদের অগ্রাধিকার দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ চলছে। “লার্নিং উইথ হ্যাপিনেস” ধারণার মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নতুন প্রজন্ম দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি জানান, বন্ধ কারখানা পুনরায় চালু করা, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে।