সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

দিপালীর মরদেহ এক মাস পর দেশে ফিরছে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী নারী দিপালী আক্তার (৩৪)-এর মরদেহ দীর্ঘ এক মাস পর আজ রাতে দেশে ফিরছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করবেন বলে জানা গেছে।

দিপালী আক্তার ২০১১ সালে জীবিকার তাগিদে লেবাননে যান। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, মরদেহটি বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। মরদেহের সঙ্গে তার পাসপোর্ট, মৃত্যু সনদসহ প্রয়োজনীয় নথিপত্রও পাঠানো হয়েছে।

বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।