সকাল ৬:১৬ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএসসিসির

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় এবং প্রতিদিনের ময়লা প্রতিদিন না তুললে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১১ মে) নগর ভবনের অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, বিভিন্ন এলাকায় অভিযোগ পাওয়া যাচ্ছে-অনেক প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ আদায় করছে এবং নিয়মিত বর্জ্য সংগ্রহ করছে না, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি স্পষ্টভাবে জানান, প্রতিটি বাসাবাড়ি থেকে সর্বোচ্চ ১০০ টাকা মাসিক বিল নিতে হবে এবং অবশ্যই রশিদের মাধ্যমে তা আদায় করতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত জানানো হয়, প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ নিশ্চিত করতে হবে এবং কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে বলা হয়, ঈদের পরবর্তী তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না এবং পুরো শহর বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

এছাড়া নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।