বাংলাদেশ থেকে সাগরপথে ইউরোপসহ বিভিন্ন দেশে অনিয়মিতভাবে অভিবাসনের চেষ্টা ভয়াবহ প্রবণতা বলে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি এই ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার একটি হোটেলে ‘ফ্রম রিটার্ন টু রাইজ : স্টোরিজ অব রেজিলিয়েন্স অ্যান্ড রিইন্টিগ্রেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাগরপথে বিদেশ যাওয়ার প্রবণতা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা তরুণদের ঝুঁকিপূর্ণ পথে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বৈধ অভিবাসনকে উৎসাহিত করাই এখন মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের সহায়তায় বিদেশফেরতদের পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা অত্যন্ত অনুপ্রেরণামূলক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও রেইজ প্রকল্পের মাধ্যমে এ কাজে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতে আরও টেকসই উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, রেমিট্যান্স যোদ্ধাদের অর্থনীতিতে বড় অবদান থাকা সত্ত্বেও তাদের পুনরেকত্রীকরণ ও কল্যাণে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে এখন রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানে তিনি রিক্রুটিং এজেন্সিগুলোর জবাবদিহিতা বাড়ানোর ওপরও জোর দেন। পাশাপাশি বায়রার সদস্যপদে শুধু সংখ্যা নয়, মানভিত্তিক গ্রেডিং ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
কর্মশালায় আরও বলা হয়, বৈধ অভিবাসন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি তৈরি, শ্রমবাজার বিশ্লেষণ এবং বিদেশফেরতদের মানসিক ও আর্থিক পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।






