সকাল ৬:১৫ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

লন্ডনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস।

শনিবার (১৬ মে) লন্ডনের হোটেল হিলটনের লবিতে এ অনানুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম জানিয়েছেন।

সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বাংলাদেশের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সুদানের জনগণের শান্তি ও উন্নতি কামনা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।

সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদানের প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।