সকাল ৬:১৩ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

এসডিজি অর্জনে সংসদীয় ককাস গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, মানসম্পন্ন শিক্ষা, সুশাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিতের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

ডেপুটি স্পিকার বলেন, ওয়েস্টমিনিস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থায় উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী সংসদ সদস্যদের নিয়ে একটি কার্যকর সংসদীয় ককাস গঠন করা হলে এসডিজি অর্জন আরও ত্বরান্বিত হবে। তিনি বলেন, তরুণ সংসদ সদস্যরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন।

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিয়ে নিজের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা তুলে ধরে কায়সার কামাল বলেন, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করাই টেকসই উন্নয়নের অন্যতম শর্ত।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি স্বাধীন ও কার্যকর সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD)-এর ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা ও নাগরিক প্ল্যাটফর্মের নেতারা।