বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা।
সোমবার (১৮ মে) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আইএসপিআর জানায়, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কৌশলগত সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।






