সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলা জেলা পর্যায়ে সম্প্রসারণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ দেশব্যাপী ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন আমিনুল হক।

সোমবার (১৮ মে) রাজধানীর আসাদ গেটে ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’-এ আয়োজিত ‘জাতীয় পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে শুধু ঢাকাকেন্দ্রিক আয়োজন না করে দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তাদেরকে আর ঢাকায় আসতে হবে না; বরং জেলাভিত্তিক আয়োজনের মাধ্যমে খেলাধুলার সুযোগ দেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু বছরে একবার নয়, সারা বছরজুড়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের প্রতিভা ও আত্মবিশ্বাসের প্রশংসা করে তিনি বলেন, সুযোগ পেলে তারা ফুটবল, ক্রিকেট, দাবা ও কেরামের মতো বিভিন্ন খেলায় অসাধারণ সাফল্য দেখাতে সক্ষম।

অভিভাবকদের উদ্দেশে আমিনুল হক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ঘরে আটকে না রেখে তাদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। এতে তারা নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, দেশের প্যারা-অলিম্পিক ক্রীড়াবিদরা ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। যথাযথ সহায়তা পেলে নতুন প্রজন্মের ক্রীড়াবিদরাও একইভাবে সাফল্য অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক, কোচ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।