সকাল ৬:১১ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ভাড়া ছাড়, কার্যকর হচ্ছে সোমবার থেকে

প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে (Single Journey Ticket–SJT) ২৫ শতাংশ বিশেষ ভাড়া ছাড় চালু করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৪ মে) এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী সোমবার (২৫ মে) থেকে এই সুবিধা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই ২৫ শতাংশ ছাড় পাবেন।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একই হারে ভাড়া ছাড়ের সুবিধা পাবেন।

ডিএমটিসিএল জানায়, এই কার্যক্রমের উদ্বোধন সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেখ রবিউল আলম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সুবিধার উদ্বোধন করবেন।