সকাল ৬:১১ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ঈদ নিরাপত্তায় কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দেশে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঈদুল আজহা কেন্দ্রিক কোনো ধরনের হুমকি (থ্রেট) নেই।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, “এখন পর্যন্ত কোনো থ্রেট বোধ করছি না। তাই বিশেষ নিরাপত্তার প্রয়োজনও নেই। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।”

তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ স্থানে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ফাঁকা ঢাকায় চুরি-ডাকাতি ঠেকাতে রাতে পেট্রোল টিম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ঈদের জামাতগুলো নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পশুর হাট, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি থাকবে।

সবশেষে র‍্যাব ডিজি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।