সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে ২৩ টিম মোতায়েন করেছে বিজিবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজাগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ২৩টি টিম মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ মে থেকে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম ঈদের পর আরও তিন দিন পর্যন্ত চলবে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টিমগুলো মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে-
এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম; পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ৬টি টিম; মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া ও মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় ৪টি টিম।

এছাড়া গাজীপুর চৌরাস্তা এলাকায় ১টি টিম, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে ২টি টিম, চট্টগ্রাম শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি টিম, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি টিম, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি টিম, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি টিম এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় ১টি টিম মোতায়েন রয়েছে।

বিজিবি জানায়, এসব টিম যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।