সকাল ৬:১৬ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

দেড় কোটি মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেছেন, দেড় কোটি মানুষের ঈদযাত্রা এবং প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন সত্ত্বেও দেশের সার্বিক পরিবহন পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকলেও এবারের ঈদযাত্রা মোটামুটি ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রার পরিস্থিতি মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট ও ধীরগতি থাকলেও সেটি স্বাভাবিক। কারণ সেখানে একাধিক লেনের যানবাহন সংকীর্ণ পথে প্রবেশ করায় গতি কমে যায়।

তিনি আরও বলেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অধিকাংশ যাত্রী নির্ধারিত ভাড়ায় গন্তব্যে যেতে পারছেন বলে তিনি দাবি করেন।

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যক্তি বাসস্ট্যান্ড ও কাউন্টারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে।

রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ রুটে তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ সংযোজন করা হয়েছে বলেও তিনি জানান।

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে তিনি বলেন, এটি সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে হয়েছে, এতে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞেস করার পরামর্শ দেন।