সকাল ৬:১৪ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল মঈন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।