পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। শনিবার (৩০ মে) প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা ১১টায় জেদ্দা থেকে যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে চলতি বছরের হজযাত্রীদের ফিরতি যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বিমানবন্দর সূত্র জানায়, প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী দেশে ফিরবেন। আগামী ১ জুলাই পর্যন্ত ধাপে ধাপে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।
এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মুসল্লিরা। এরপর থেকেই বিভিন্ন দেশের হজযাত্রীরা নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছে।
গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের আবাসন, পরিবহন চুক্তি, ভিসা ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখা হয়।
ফলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সফলভাবে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।






