চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই আর অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এলাকাটিতে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে, তবে স্থানীয় প্রকৃত অধিবাসীদের কাউকেই উচ্ছেদ করা হবে না।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, স্থানীয়দের পুনর্বাসনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি ঝুলে থাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সারাদেশে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। কোনো প্রভাবশালী অপরাধীকেও ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ভূমিপ্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, র্যাব-৭ অধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত কয়েক মাসে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযান, সংঘর্ষ ও সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।






