বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ভবিষ্যতে বিদেশে দুগ্ধজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে উৎপাদন বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সোমবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নের অগ্রযাত্রা’।
প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। নারীরা যত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, দেশও তত বেশি শক্তিশালী হবে। দুগ্ধ খাতসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ শুধু প্রশংসনীয় নয়, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা আরও বাড়াতে হবে।
খামারিদের চাহিদা অনুযায়ী সরকারি সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন উদ্যোক্তার সাফল্য জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”– এই প্রত্যয়কে ধারণ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এর আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন এবং একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি অধিদপ্তর থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় হয়ে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।






