সকাল ৬:০৯ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বর্ষায় জলাবদ্ধতা রোধে আগাম প্রস্তুতির নির্দেশ চসিক মেয়রের

আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১ জুন) টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, ম্যানহোলের ঢাকনা স্থাপন, ঝুঁকিপূর্ণ খাল-নালার পাশে রেলিং নির্মাণ এবং গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মেয়র বলেন, গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল, সেগুলো চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পানি অপসারণের জন্য গুরুত্বপূর্ণ স্থানে পাম্প বসাতে ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড-এর সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন তিনি।

প্রবল বর্ষণের সময় নগরীর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের প্রস্তাবও দেন মেয়র। একই সঙ্গে যেসব ম্যানহোলের ঢাকনা নেই বা চুরি হয়ে গেছে, সেগুলো দ্রুত প্রতিস্থাপন এবং ঝুঁকিপূর্ণ খাল ও নালার পাশে জননিরাপত্তার স্বার্থে রেলিং নির্মাণের নির্দেশনা দেন।

নগর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি জোনে বর্জ্য অপসারণে কোথায় সমস্যা হচ্ছে তা চিহ্নিত করতে হবে। যেসব এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নেই, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাজস্ব আদায় বৃদ্ধির বিষয়ে মেয়র বলেন, চট্টগ্রাম বন্দর থেকে সিটি করপোরেশনের প্রাপ্য রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। পাশাপাশি কনটেইনার ইয়ার্ডগুলোর কর পুনর্নির্ধারণের প্রয়োজন হলে তা যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।

এ ছাড়া, গত কয়েক বছরে নিবন্ধিত ফ্ল্যাটগুলোর তথ্য সংগ্রহ করে সেগুলো হোল্ডিং ট্যাক্সের আওতায় এসেছে কি না, তা যাচাই করার নির্দেশও দেন তিনি।

সভায় চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবহার অনুপযোগী ভবন দ্রুত সংস্কারের নির্দেশ দিয়ে মেয়র বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।