নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন পর্যায়ে আয়কর অব্যাহতি এবং ব্যবহারকারীদের জন্য কর রেয়াত দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (২ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়া হতে পারে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার কথা রয়েছে।
শর্ত হিসেবে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে এবং নেট মিটারিং নির্দেশিকা অনুযায়ী অনুমোদন নিতে হবে। পাশাপাশি আয়কর আইন ২০২৩-এর সব বিধান মানতে হবে।
এছাড়া সৌরবিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও বিশেষ কর রেয়াত সুবিধার প্রস্তাব রয়েছে। ব্যবহারকৃত সৌরবিদ্যুতের বিপরীতে পরিশোধিত বিদ্যুৎ বিলের ৫ শতাংশ পর্যন্ত কর রেয়াত পাওয়া যেতে পারে।
এনবিআর সূত্রে জানা যায়, বর্তমানে সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে উচ্চ হারে শুল্ক-কর থাকায় এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য উপকরণে মোট করভার প্রায় ২৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত রয়েছে, যা স্থাপনের খরচ অনেক বাড়িয়ে দিচ্ছে।
খাত সংশ্লিষ্টদের মতে, কর অব্যাহতি ও রেয়াত সুবিধা বাস্তবায়িত হলে দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে গতি আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসার ঘটবে।






