জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মিতসুই অ্যান্ড কোং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, জ্বালানি, ধাতু ও খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কাজ করে থাকে। সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এ সময় সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিতসুই প্রতিনিধিদলের পক্ষ থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। তারা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।






